জুলাই গণঅভ্যুত্থানে শহীদরা যেসব স্থানে প্রাণ দিয়েছেন, সেখানে তাদের স্মরণে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ স্থাপন শুরু হচ্ছে বুধবার (১৬ জুলাই) থেকে। এ কার্যক্রম ৫ আগস্ট পর্যন্ত চলবে।
মঙ্গলবার (১৫ জুলাই) সরকারি এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।
তথ্য বিবরণীতে জানানো হয়েছে, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটে শহীদ আবু সাঈদ স্মরণে জুলাইয়ের গান এবং ড্রোন শো আয়োজন করা হবে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এসব আয়োজন করা হবে। ১৬ জুলাই স্মরণে মিউজিক্যাল ভিডিও শেয়ার করা হবে, যার থিম মিউজিক হবে 'কথা ক'। কর্মসূচি অনুযায়ী এ দিনে 'একটি শহীদ পরিবারের সাক্ষ্য' ডকুমেন্টারির পার্ট-৩ প্রচার এবং একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণের ভিডিও শেয়ার করা হবে। সকল মন্ত্রণালয় ও বিভাগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনুষ্ঠানমালা প্রচার করা হবে। সকল মোবাইল গ্রাহকের কাছে ভিডিওটির ইউআরএল প্রেরণ করা হবে। এদিনে শিল্পকলার মঞ্চে জুলাইয়ের গল্প বলা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া, চট্টগ্রামে জুলাইয়ের গান এবং ড্রোন শো আয়োজন করা হবে।