মাইলস্টোন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া যাবে আর্থিক সহায়তা

রাজধানী উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে আর্থিক সহায়তা প্রদান করা যাবে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

অর্থ সাহায্য দেওয়ার ব্যাংক হিসাব:

হিসাবের নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল

চলতি হিসাব নম্বর- ০১০৭৩৩০০৪০৯৩

সোনালী ব্যাংক লিমিটেড, প্রধান উপদেষ্টার কার্যালয় কর্পোরেট শাখা।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। আর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৮ জন। নিহতদের মধ্যে ২৫ জন শিশু, একজন পাইলট এবং একজন শিক্ষক।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

তবে দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন মারা গেছে। আর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাহীন আছে ১৬৫ জন।