মার্কিন নিরাপত্তা প্রতিনিধিদল এ সপ্তাহে ঢাকায় আসবেন


Flagসামগ্রিক নিরাপত্তা বিষয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র থেকে দুটি প্রতিনিধিদল এ সপ্তাহে ঢাকায় সফর করবেন।নিরাপত্তা, সন্ত্রাস প্রতিরোধ,পরিবহন ও আকাশ পথে নিরাপত্তা, সাইবার সিকিউরিটি ইত্যাদি বিষয় নিয়ে তারা আলোচনা করবেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,আন্ডার সেক্রেটারি সারাহ সিওয়েল সন্ত্রাসবাদ প্রতিরোধ বিষয়ে আলোচনার জন্য তিনদিনের সফরে মঙ্গলবার ঢাকায় আসবেন।তিনি সরকার ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সুশাসন ও উগ্রবাদের বিরুদ্ধে প্রতিরোধ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি একটি গণবৃক্ততা দেবেন।
সাতটি ব্যুরো ও অফিসের প্রধান হচ্ছেন সারাহ এবং বেসামরিক নিরাপত্তা,গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়াদি তিনি দেখাশুনা করেন।বেসামরিক নিরাপত্তা বিষয়ে সারা বিশ্বে যে ঝুঁকি রয়েছে সেটি ঠেকানোর জন্য মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রচেষ্টা তার নেতৃত্ব দেন সারাহ।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সফরকালে সারাহ প্রধানমন্ত্রীর দফতর, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, পুলিশ ও অন্যান্য সরকারি জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এ্যালান বার্সিন দুইদিনের সফরে বুধবার ঢাকায় আসবেন।  পরিবহন ও আকাশ পথে নিরাপত্তা ইত্যাদি বিষয়ে আলোচনার জন্য তিনি আসবেন বলে কর্মকর্তাটি জানান।

বিমানবন্দর নিরাপত্তা নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের যে টানাপোড়েন চলছে সে মুহূর্তে তার এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন। কর্মকর্তাটি বলেন, যুক্তরাষ্ট্রের সাইবার নীতি বাস্তবায়নের জন্য তিনি কাজ করেন।তার কাজের মধ্যে রয়েছে সাইবার অপরাধ,সাইবার নিরাপত্তা, ইন্টারনেট সুশাসন, জাতীয় নিরাপত্তা এবং সাইবার সক্ষমতা বৃদ্ধি।ঢাকায় তিনি টেলিকম মন্ত্রণালয় ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

এসএসজেড/এপিএইচ/