ফেরত গেলো ‘৩৬ জুলাই আবাসিক ফ্লাট নির্মাণ প্রকল্প’

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের স্থায়ী বাসস্থানের জন্য ৩৬ জুলাই আবাসিক ফ্লাট নির্মাণ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়নি। অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য প্রকল্পটি অনুমোদন না দিয়ে ফেরত পাঠিয়েছে একনেক। একনেক সূত্রে এ তথ্য জানা গেছে। 

সূত্র জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়নসহ ১২টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ১৪৯ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ৮ হাজার ৫৮ কোটি, বৈদেশিক ঋণ ১৪৩ কোটি এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫২ কোটি ৭২ লাখ টাকা ব্যয় করা হবে।

রবিবার (২৭ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের স্থায়ী বাসস্থানের জন্য ‘৩৬ জুলাই আবাসিক ফ্লাট নির্মাণ প্রকল্প’টি উপস্থাপন করা হলেও অনুমোদন দেওয়া হয়নি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন, পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নয়ন করা গেলে অবকাঠামোগত দিক থেকে পূর্ণাঙ্গ রূপ পাবে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ২ হাজার ৮৪০ কোটি ৩৯ লাখ টাকা। প্রকল্পের আওতায় একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ছাত্রী নিবাস, ছাত্রাবাস, সুইমিং, বিনোদন কেন্দ্রসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হবে।

অনুমোদিত প্রকল্পগুলো হলো- দেশের গুরুত্বপূর্ণ স্থানে ২০টি (১২টি নতুন, ৮টি পুঃনির্মাণ) ফায়ার স্টেশন স্থাপন প্রকল্প, ব্যয় হবে ৬৫০ কোটি টাকা। এছাড়া বাংলাদেশ কোস্টগার্ডের জন্য লজিস্টিকস ও ফ্রিট মেইনটেন্যান্স ফ্যাসিলিটিজ গড়ে তোলা প্রকল্প, ব্যয় ১৭৩ কোটি টাকা, গ্রামীণ স্যানিটেশন, ব্যয় ১ হাজার ৯৮৯ কোটি টাকা। বহাদ্দারহাট বাড়াই পাড়া হতে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন, ব্যয় হবে ১ হাজার ৩৪৩ কোটি টাকা। রেলওয়ের পূর্বাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পূর্নবাসন, ব্যয় ১ হাজার ৭৯১ কোটি টাকা।

মিরপুর সেনানিবাসে ডিএসসি এসসির অফিসার্স মেস ও বিওকিউ নির্মাণ প্রকল্প, ব্যয় হবে ২৩৪ কোটি টাকা। কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু হতে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্প, ব্যয় ২ হাজার ৭৭৯ কোটি টাকা। উপজেলা পর্যায়ে নারীদের জন্য আবাসিক প্রশিক্ষণ প্রদান প্রকল্প, ব্যয় ৩৯৫ কোটি টাকা। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর ভবন সম্প্রসারণ ও অন্যান্য অবকাঠামো নির্মাণ প্রকল্প, ব্যয় ১৬০ কোটি টাকা। কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ প্রকল্প, ব্যয় ১০০ কোটি টাকা এবং স্মার্ট প্রিপেইড মিটারিং প্রজেক্ট, ব্যয় হবে ৭৭০ কোটি টাকা।