প্রকল্প রেখে ঠিকাদাররা কেন পালিয়ে যায় তা জানতে চেয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। বিষয়টি খতিয়ে দেখতে কয়েকটি ঘটনা তদন্ত করে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি।
রবিবার (২৭ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রণালয় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, অসংখ্য প্রকল্প থেকে ঠিকাদাররা পালিয়েছে। কেন এবং কত টাকা নিয়ে পালিয়েছে সেসব খতিয়ে দেখতে আইএমইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে সরকারি কর্মকর্তারা পিডি হিসেবে কেন ঠিকাদারদের বাড়তি টাকা দিয়েছেন কিন্তু কাজ বুঝে নেননি, সেটিরও তদন্ত করা হবে।
জানা গেছে, পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বিআরটি (বাস রেপিড ট্রানজিট) প্রকল্প তদন্ত করা হবে। সম্পূর্ণ অপরিকল্পিত এবং দানবীয় এ মেগা প্রকল্পটির সংশোধনী প্রস্তাব একনেকে উপস্থাপন করা হয়। কিন্তু সেটি অনুমোদন না দিয়ে ফেরত দেওয়া হয়েছে। পাশাপাশি কারা নকশা তৈরি করেছে। কীভাবে প্রকল্প নেওয়া হয়েছে। সেখানে কি কি ত্রুটি আছে, কারা দায়ী সেসব বিষয় খতিয়ে দেখা হবে বলেও জানা গেছে।