উত্তরায় বাসচাপায় ব্যবসায়ী নিহত

সড়ক দুর্ঘটনারাজধানীর উত্তরায় বাসচাপায় কবির হোসেন সরদার (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
উত্তরা পূর্ব থানার সহকারী পরিদর্শক (এসআই) জাকির হোসেন  জানান, তিতাস পরিবহনের একটি মিনিবাস কবির হোসেনকে চাপা দেয়। এরপর তাকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০ টায় তার মৃত্যু হয়।
নিহতের গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার নয়পুর এলাকায়। তার বাবা নাম মৃত কাদের সরদার। রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কের ১৪ নম্বর বাসায় তিনি ভাড়া থাকতেন।

নিহতের চাচাতো ভাই টিটু বাংলা ট্রিবিউনকে বলেন, কবির একজন মুদি দোকানদার। সকালে তিনি টঙ্গি থেকে মুদি পণ্য নিয়ে এলাকায় ফিরছিলেন। হাউজ বিল্ডিং এলাকায় তিতাস পরিবহনের একটি মিনিবাস তাকে চাপা দেয়। এরপর উদ্ধার করে তাকে পঙ্গু হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কবিরের মৃত্যু হয়।

পুলিশ জানায় এই ঘটনায় বাসটি আটক করা হয়েছে।

/এআরআর/এনএস/এমএনএইচ/