নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব দেওয়ার সময় আগামীকাল (৩১ জুলাই) শেষ হচ্ছে। তবে এবার নিবন্ধিত সব দলের কাছে হিসাব চাইলেও দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের কাছে আয়-ব্যয়ের হিসাব চায়নি ইসি।
ইসি জানায়, এখন পর্যন্ত বিএনপি, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদসহ বেশ কয়েকটি দল পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। তবে বেশির ভাগ ইসলামী দলসহ অনেক দল এখনও আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি। কোনও দল আবেদন করলে আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় বাড়াতে পারে ইসি।
এদিকে এর আগে গত ৭ জুলাই ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, নিবন্ধিত দলগুলোকে আয়-বয়ের হিসাব চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে চিঠি দেওয়া হয়নি।
উল্লেখ্য, রাজনৈতিক দল নিবন্ধন শর্ত অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত দলগুলোর আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়ার বিধান রয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশে। আইন অনুযায়ী পর পর তিন বছর দলের আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। বর্তমানে ইসিতে নিবন্ধিত দল ৫১টি।