জুলাই ঘোষণাপত্র পাঠ: মানিক মিয়াতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

জুলাই ঘোষণাপত্র পাঠ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিউনিউতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৫টায় গণঅভ্যুত্থানের সব অংশীজনের উপস্থিতিতে এ ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (৪ আগস্ট) বিকালে সরেজমিন গিয়ে দেখা যায়, সেচ ভবনের উল্টো পাশে মঞ্চ তৈরির কাজ চলছে। পাশাপাশি সাউন্ড সিস্টেম ও লাইটিংয়ের কাজও চলমান। পশ্চিম পাশে মূল সড়কে মঞ্চ তৈরি করায় সড়কে ডাইভারশন দেওয়া হয়েছে। যানজট এড়াতে সংসদ ভবনের সামনের সড়কে ব্যারিকেড দিয়ে একটি সড়কে যান চলাচল সচল রাখা হয়েছে। সেখানের দায়িত্বরতরা জানান সারা রাত কাজ চলবে। সকালের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।

সাউন্ড সিস্টেম ও লাইটিংয়ের কাজও চলমান (ছবি: সাজ্জাদ হোসেন)

সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, ঘোষণাপত্র পাঠের আগে দিনভর থাকবে অভ্যুত্থানকেন্দ্রিক বিভিন্ন সাংস্কৃতিক পর্ব। এর আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠান ব্যবস্থাপনায় থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সহযোগিতায় জাতীয় সংসদ সচিবালয়।