জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রীতিলতা হলের ১৩ বছর বয়সী এক ক্যান্টিন কর্মীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ক্যান্টিন ম্যানেজার মানিক মিয়া বাদী হয়ে মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে আশুলিয়া থানার মামলাটি দায়ের করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন কাদির বাংলা ট্রিবিউনকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিকটিম ২২ ধারায় জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন ওসি। তিনি বলেন, ‘মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে বলে দাবি করেছে। তাকে আটকিয়ে রেখে টাকাও দাবি করা হয়েছে।’ তবে মামলার অন্যান্য তথ্য ও কাদেরকে আসামি করা হয়েছে সে সম্পর্কে তিনি কিছু জানাতে রাজি হননি।
মহসিন কাদির বলেন, ‘আমরা গতকাল রাতে ভিকটিমের মাধ্যমে আসামি ধরার চেষ্টা করেছি। কিন্তু ধরতে পারিনি। আজ ভিকটিমকে আদালতে পাঠানো হবে। তার বক্তব্যের ভিত্তিতে আদালতের নির্দেশনা অনুযায়ী পুলিশের পরবর্তী করণীয় নির্ধারিত হবে।’
মামলার বাদী মানিক মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার নম্বরটি গতকাল থেকে বন্ধ পাওয়া যাচ্ছে।
এদিকে, এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ২৬ মার্চ রাতে প্রীতিলতা হলে কাজ শেষে ওই কিশোরী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী আমবাগান এলাকায় তার বান্ধবীর বাসায় বেড়াতে যান। রাত ৩টার দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন পরিষদ সদস্য লেহাজ উদ্দিনের ছেলে সুজনের নেতৃত্বে তার বন্ধু ফজলুল, মানিকসহ আরও ৩-৪ জন যুবক ‘বাড়িতে অসামাজিক কার্যকলাপ চলছে’ এই অভিযোগ তুলে ওই কিশোরীকে উঠিয়ে নিয়ে যায়। এসময় তার বান্ধবীর পরিবার বাধা দিলে ওই যুবকরা তাদেরকেও হেনস্থা করার চেষ্টা করে। পরে নবীনগর এলাকায় নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণ করা হয়। একপর্যায়ে তাকে আটকিয়ে রেখে মুক্তিপণও দাবি করা হয়।
এলাকাবাসী আরও জানায়, ধর্ষণের শিকার ওই কিশোরীর গ্রামের বাড়ি ময়মনসিংহে। সে ক্যান্টিন ম্যানেজার মানিক মিয়ার বাসায় থাকত।
/এসটি/