জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে লুইস জাতিসংঘ ও অন্তর্বর্তী সরকারের মধ্যে দৃঢ় সহযোগিতার প্রশংসা করেন। তারা বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও সংস্কার এজেন্ডা নিয়ে বিস্তৃত পরিসরে আলোচনা করেন।
আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আসন্ন জাতীয় নির্বাচন। আবাসিক সমন্বয়কারী ফেব্রুয়ারিতে নির্ধারিত সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশ নির্বাচন কমিশনকে সমর্থন করার জন্য জাতিসংঘের চলমান প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের প্রতি জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে। দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনি প্রক্রিয়া নিশ্চিত করতে জাতিসংঘ কীভাবে সহায়তা করতে পারে তা নিয়ে তারা আলোচনা করেন। তারা সরকারের উচ্চাভিলাষী সংস্কার উদ্যোগকে এগিয়ে নিতে জাতিসংঘের সহায়তা বাড়ানোর উপায়ও অনুসন্ধান করেন।
নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন বৈঠক এবং এ মাসের শেষের দিকে রোহিঙ্গা সম্মেলনের প্রস্তুতি নিয়েও পর্যালোচনা করা হয়। উভয়ই রোহিঙ্গা মানবিক সহায়তা প্রচেষ্টায় আন্তর্জাতিক তহবিলের তীব্র হ্রাসে গভীর উদ্বেগ প্রকাশ করেন, যা ইতোমধ্যে ক্যাম্পগুলোতে শিক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবাগুলোকে প্রভাবিত করছে।
প্রধান উপদেষ্টা রোহিঙ্গা জনগোষ্ঠীর তহবিল ঘাটতি মোকাবিলা এবং বাংলাদেশের মানবিক সহায়তা জোরদার করার জন্য টেকসই আন্তর্জাতিক সংহতি ও সমর্থন বৃদ্ধির জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
আবাসিক সমন্বয়ক লুইস বাংলাদেশের সংস্কার ও রূপান্তর প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং দেশকে টেকসই উন্নয়ন ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধি অর্জনে সহায়তা করার জন্য সংস্থাটির প্রতিশ্রুতির কথায় জোর দেন।