কাতারের রাজধানী দোহায় জরুরি আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সাইড লাইনে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।
রবিবার (১৪ সেপ্টেম্বর) তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ঢাকার পক্ষ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি।
তারা কাতার ও অন্যান্য মুসলিম রাষ্ট্রের ওপর ইসরাইলের হামলার নিন্দা জানান এবং ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং মুসলিম উম্মাহর মধ্যে ঐক্যের গুরুত্বের ওপর জোর দেন।
উল্লেখ্য, কাতারের ওপর ইসরায়েলি আক্রমণ নিয়ে আলোচনার জন্য কাতার এই জরুরি যৌথ আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন আয়োজন করছে। সোমবার এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।