যশোরে বোমা তৈরিকালে বিস্ফোরণে নিহত ২, আহত ৩


ইউপি নির্বাচন-২০১৬ যশোরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগের রাতে বোমা তৈরিকালে বিস্ফোরণে  ২ জন নিহত হয়েছেন। তারা হলেন সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আন্দেলপোতা গ্রামের আনার মোল্লার ছেলে সবুজ (৩০) ও কাটামারি গ্রামের রমজান আলীর ছেলে ইবাদুল (৩২)। তাদের লাশ হাসপাতাল মর্গে রয়েছে।

আহতরা হলেন বাদশা মোল্লার ছেলে মোস্তফা (৩০), উলাদ মোল্লার ছেলে রুবেল (২১), একই গ্রামের রকি (২৮)। হাসপাতালে ভর্তির পর মোস্তফা ও রুবেল পালিয়ে গেছেন।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ইলিয়াস আলি জানান, বুধবার রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে ৫ ব্যক্তি লেবুতলা ইউনিয়নের আন্দোলপোতা গ্রামের একটি মাঠের মধ্যে বোমা তৈরি করছিল। এসময় বিস্ফোরণে  ৫ জন আহত হন। তবে এরা কি কারণে বা কার পক্ষে বোমা তৈরি করছিলেন তা জানাতে পারেননি ওসি ইলিয়াস আলী। সকালে সবুজ ও ইবাদুল মারা যান।

দ্বিতীয় দফা নির্বাচনে বৃহস্পতিবার ৩১ মার্চ যশোর সদরের ১৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। লেবু তলা ইউনিয়নে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নৌকা প্রতীকের রয়েছেন আলিমুজ্জামান মিলন, ধানের শীষ প্রতীকের রয়েছেন হ্যাপি ও স্বতন্ত্র প্রার্থী রাজু আহমেদ।

নির্বাচনের আগের রাতে বোমা তৈরিকালে বিস্ফোরণের ঘটনাটি সাধারণ ভোটারদের মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্র জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কাটার উদ্দেশ্যেই বোমা তৈরি করা হচ্ছিল।

এসএমএম/ এপিএইচ/