অটিস্টিক শিশুদের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

অটিস্টিক শিশুদের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘অটিজমে আক্রান্ত শিশুদের সমাজে ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে। সমাজে তাদেরও স্থান আছে। সেটি নির্দিষ্ট করে দিতে হবে। সুযোগ সৃষ্টি করে দিতে হবে।’

বিভিন্ন উৎসবের শুভেচ্ছা কার্ড তিনি এসব শিশুদের আঁকা ছবি দিয়ে করে থাকেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

নবম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সমাজকল্যাণ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ এবং শিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

অটিস্টিক শিশুদের সুরক্ষা দেওয়া এবং বিকশিত করা রাষ্ট্রের কর্তব্য উল্লেখ করে তিনি বলেন, ‘সেটা আমরা করছি এবং করবো।’ এজন্য প্রত্যেক জেলা ও উপজেলা হাসপাতালে প্রতিবন্ধী কেন্দ্র খোলার ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে আসলে অটিজম সম্পর্কে কোনও সচেতনতাই ছিল না। মাত্র কিছুদিন থেকেই এ বিষয়টা সামনে এসেছে। এমন একটা সময় ছিল, যখন ঘরে কোনও প্রতিবন্ধী বা অটিস্টিক সন্তান থাকলে মা-বাবা সেটা লুকাতেন। সমাজের কাছে বলতে পারতেন না। এমনকি অনেক সময় তার পারিবারিক জীবনও ধ্বংস হয়ে যেত। কারণ এ ধরনের সন্তান কেন জন্ম দিলো, এজন্য অপরাধটা মায়ের। আসলে অপরাধ মায়েরও না, বাবারও না। এর জন্য কাউকে দোষ দেওয়ার তো কিছু নেই। এই শিশুগুলোর বেঁচে থাকার অধিকার আছে। সমাজে তাদেরও স্থান আছে। সেটাই আমাদেরকে নির্দিষ্ট করে দিতে হবে। সুযোগ সৃষ্টি করে দিতে হবে।’

তিনি বলেন, তবে এখন এ বিষয়ে সচেতনা তৈরি হয়েছে। ওইসব শিশুদেরও বেঁচে থাকার অধিকার আছে। জাতিসংঘ এ নিয়ে পদক্ষেপ নিয়েছে।

সবার সমন্বিত উদ্যোগ ও উপযোগী পরিবেশ পেলে অটিস্টিকদেরকে সাবলম্বী হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

/এসটি/ এএইচ/