কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যায় জড়িতদের গ্রেফতার এবং বিচারিক তদন্তের নির্দেশনা চেয়ে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেন। আগামীকাল সোমবার এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে তিনি জানিয়েছেন।
রিট আবেদনে হত্যাকাণ্ডে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার, ওই ঘটনায় বিচারিক তদন্তের নির্দেশনা এবং তনুর পরিবারকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। এর সঙ্গে সংবিধানের ২৮(৪) অনুচ্ছেদ অনুসারে তাদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনাও চাওয়া হয়েছে।
তনু হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে ‘বিবাদীদের নিষ্ক্রিয়তা’ কেন বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে রুল চাওয়া হয়েছে রিট আবেদনে।
স্বরাষ্ট্র সচিব, প্রতিরক্ষা সচিব, পুলিশের মহাপরিদর্শক, কুমিল্লার পুলিশ সুপার ও কুমিল্লা কতোয়ালি থানার ওসিসহ আটজনকে এই আবেদনে বিবাদী করা হয়েছে।
/এসটি/