আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্বাচন-সংক্রান্ত যাবতীয় তথ্য প্রদান ও অভিযোগ গ্রহণের জন্য ১০ জন কর্মকর্তাকে বিশেষ দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন।
ইসি সূত্র জানায়, দেশের ১০টি অঞ্চলের জন্য পৃথকভাবে এই কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। তারা নিজ নিজ অঞ্চলের নির্বাচন সংক্রান্ত অভিযোগ গ্রহণ করবেন এবং তথ্য সরবরাহ করবেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— খুলনা অঞ্চলে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-পরিচালক সালাহউদ্দীন আহমদ; ফরিদপুর অঞ্চলে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক মোহাম্মদ নুরুল হাসান ভূঞা; ময়মনসিংহ অঞ্চলে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার; বরিশাল অঞ্চলে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ আল-মামুন; সিলেট অঞ্চলে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মিসবাহ উদ্দীন আহমেদ; ঢাকা অঞ্চলে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক জাকির মাহমুদ; রংপুর অঞ্চলে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব সৈয়দ গোলাম রাশেদ; চট্টগ্রাম অঞ্চলে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন; রাজশাহী অঞ্চলে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মো. মমতাজ-আল-শিবলী; কুমিল্লা অঞ্চলে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মো. ইকরামুল হাসান।
জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, অভিযোগ দাখিলের জন্য নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এসব কর্মকর্তাদের মোবাইল নম্বর ও ইমেইল সংগ্রহ করা যাবে। এছাড়া গত বছরের ১৪ ডিসেম্বর প্রতিটি সংসদীয় আসনের জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’র কাছেও অভিযোগ দায়ের করা যাবে।
উল্লেখ্য, সংশোধিত তফসিলের নির্বাচন সময়সূচি অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।