ঢাকার সাতটি বড় সরকারি কলেজের জন্য ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির’ নামে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। এর মাধ্যমে নতুন এই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পথ সুগম হলো।
রবিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশে সাতটি কলেজের স্বকীয়তা ঠিক রেখে কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত করা হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদলেই হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। রাজধানী ঢাকার সাতটি কলেজে আগের মতোই বিভিন্ন বিষয়ে অনার্স ও ডিগ্রির লেখাপড়া চলবে। যেসব কলেজে উচ্চ মাধ্যমিক ছিলো তাও থাকবে। তবে, কেন্দ্রীয়ভাবে মূল ক্যাম্পাসেও পরিচালিত হবে অনার্স-মাস্টার্স স্তর।
অধ্যাদেশে সংযুক্ত কলেজ অধ্যায়ে উল্লেখ হয়েছে, এই অধ্যাদেশের অধীন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যাকাডেমিকভাবে সংযুক্ত স্নাতক, স্নানক স্নাতকোত্তর, ডিগ্রি পর্যায়ের সাতটি কলেজ (ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ) নির্ধারিত পাঠ্যক্রম, পরীক্ষা ও সনদ প্রদানের বিধান অনুসরণ করবে।
কলেজগুলোর স্থাবর-অস্থাবর সম্পত্তি অক্ষুণ্ণ থাকবে বলে অধ্যাদেশে জানানো হয়।
অধ্যাদেশে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালনার জন্য স্বয়ংসম্পূর্ণ অবকাঠামো নির্মাণ ও প্রয়োজনীয় সকল সুবিধাদি সৃষ্টি করে স্থায়ী ক্যাম্পাস তৈরি করা হবে। স্থায়ী ক্যাম্পাস তৈরি না হওয়া পর্যন্ত যথাযথ ভবন ও স্থান ভাড়া করে বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালনা করা যাবে।
অধ্যাদেশে ‘স্কুল’ বলতে চলমান বিশ্ববিদ্যালয়গুলোর মতো অনুষদেরই বিকল্প ব্যবস্থাকে বোঝানো হচ্ছে। অধ্যাদেশে বলা হয়, স্কুল বলতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ডিসিপ্লিনের সমন্বিত কাঠামো। অনুষদের ক্ষেত্রে যেমন ডিন, তেমনি স্কুলে ক্ষেত্রে হেড অব স্কুল। স্কুলগুলোর ডিসিপ্লিনের চেয়ারম্যান থাকবে, যেমনটা রয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে।
অধ্যাদেশে অ্যাকাডেমিক ইউনিট বিধানে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, আইন, চারুকলা এবং বিধি দিয়ে নির্ধারিত অন্যান্য ‘স্কুল’ থাকবে। অন্যান্য স্কুল বিদ্যমান কোনও স্কুল বা স্কুলগুলো বিভাজনের মাধ্যমে, একত্রীকরণের মাধ্যমে, নতুন স্কুল সৃষ্টি করে অথবা অন্য যেকোনো উপায়ে গঠিত হতে পারবে। প্রত্যেক স্কুল অ্যাকাডেমিক কাউন্সিলের নিয়ন্ত্রণে থেকে বিশ্ববিদ্যালয় নির্ধারিত বিধি অনুযায়ী নির্ধারিত বিষয়ে পাঠদান, পাঠ্যক্রম পরিচালনা ও গবেষণা কার্যক্রমের দায়িত্ব পালন করবে।
অধ্যাদেশ অনুসারে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল, ভর্তি পরীক্ষার ফলাফল এবং শিক্ষার্থীদের পছন্দক্রমের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস বা সংযুক্ত সাতটি কলেজের স্কুল বা ডিসিপ্লিনে ভর্তি হওয়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।