আওয়ামী লীগ খালি অনলাইনে আছে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ খালি অনলাইনে আছে। অনলাইনে থাকার কারণ হচ্ছে— ওরা এত টাকা বাইরে নিয়ে গেছে, তো ওইখান থেকে একটু একটু হম্বিতম্বি করে আর কী। চোর চোট্টাদের কাজ কী? অনলাইনে এসে চিল্লাচিল্লি করা!

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

প্রেস সচিব বলেন, ‘‘আওয়ামী লীগের বিষয়ে আর কী বলবো। আওয়ামী লীগ নভেম্বর মাসে অনেক চেষ্টা করেছিল— তারা যে একটা পার্টি, তাদের যে সাপোর্ট আছে, সেটা প্রমাণ করার জন্য তারা নভেম্বরের ১০ থেকে ১৭ তারিখ পর্যন্ত অনেকগুলো বাস পুড়িয়েছে। গির্জাতে তাদের লোকেরা ককটেল মেরেছে। তারা একটা বাস পুড়িয়ে ময়মনসিংহে একজনকে মেরেও ফেলেছে। তারপরেও দেখেন, কোনও লোক এসেছে? ইন্ডিয়ান পত্রিকায় খালি দেখবেন তারা বলে, ‘আওয়ামী লীগ বড় পার্টি’ আওয়ামী লীগের সাপোর্টটা কই?’’

প্রেস সচিব বলেন, ‘‘ওদের কোনও ধরনের কোনও পাবলিক সাপোর্ট আছে কিনা, আমি জানি না। আর নির্বাচন প্রতিহত করার আমি তো কোনও… দেখি না। ওদের একটা মিছিল ডাকলে কোনও লোক হয় না। আপনি দেখেছেন, ওদের মিছিলে কোনও লোক হয়? ১০ সেকেন্ডের মিছিল ডেকে ১০টা সেলফি নিয়ে আস্তে করে সরে যায়।’’