ভোট দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজধানীর ডিওএইচএস বারিধারায় অবস্থিত বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি কেন্দ্রে উপস্থিত হয়ে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেছেন, জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার ভাষ্য, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ পরিবেশনের কারণেই ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার ও প্রোপাগান্ডা মোকাবিলা করা সম্ভব হয়েছে। 

তিনি আরও বলেছেন, নির্বাচনকালেও যদি গণমাধ্যম একইভাবে সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে, তাহলে গুজব ও অপপ্রচার রোধ করা সম্ভব হবে। এবারের নির্বাচনেও মিডিয়া দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।  

স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, দু-একটি বিচ্ছিন্ন ছোটখাটো ঘটনা ছাড়া এখন পর্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন।  

ভোট প্রদান শেষে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কেন্দ্রীয় সমন্বয় সেল এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করেছেন।