প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি গাড়ির পরিবর্তে নিজের গাড়িতেই চলাফেরা করতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। এ কারণেই বুধবার (১৮ ফেব্রুয়ারি) তিনি নিজের গাড়ি ব্যবহার করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
সালেহ শিবলী বলেন, “আজ দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী সাভার ও শেরে বাংলা নগরে নিজের টয়োটা গাড়িতে গেছেন। সেখান থেকে সচিবালয়েও এসেছেন একই গাড়িতে।”
তিনি জানান, যানজটের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে তার গাড়িবহরের সংখ্যা কমানো হয়েছে। এতদিন বহরে ১৩-১৪টি গাড়ি থাকলেও তা কমিয়ে চারটি করা হয়েছে।
শপথ নেওয়ার পর প্রথম দিনের কর্মসূচিতে পতাকাবিহীন গাড়ি ব্যবহার করেন প্রধানমন্ত্রী। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি মেহমানদের সফরের সময় তার গাড়িতে পতাকা ব্যবহার করা হবে বলে জানান প্রেস সচিব।
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী এখন থেকে মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক হলে সচিবালয় থেকে মন্ত্রীদের যাতায়াতে জট তৈরি হয় এবং ভিআইপি চলাচলের সময় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। বিষয়টি বিবেচনায় নিয়ে অধিকাংশ সময় সচিবালয়েই মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে।”
সালেহ শিবলী জানান, রাজধানীতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে সড়কের দুই পাশে পোশাকধারী পুলিশের অবস্থানের নিয়মও বন্ধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।