প্রবাসী ভোটারদের অপেক্ষমান আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যস্ততার কারণে প্রবাসে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের পেন্ডিং (অপেক্ষমান) থাকা আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। স্থানীয় তদন্ত দ্রুত সম্পন্ন করে আবেদনগুলো নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের প্রতি জরুরি নির্দেশনাও দেওয়া হয়েছে।  

মঙ্গলবার (৩ মার্চ) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খানের সই করা এ  সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। ইতোমধ্যে এ চিঠি সকল থানা-উপজেলা কর্মকর্তাদের পাঠানো হয়েছে।  

চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে সকল পর্যায়ের কর্মকর্তাগণ নিরলস পরিশ্রম করেছেন। এ পরিশ্রমের ফলেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য হয়েছে। মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রমের ফলে এটি সম্ভব হয়েছে। এজন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। 

চিঠিতে আরও বলা হয়েছে, হাইকমিশন-দূতাবাস-কন্স্যুলেট-মিশন অফিসগুলোতে চলমান রয়েছে। উক্ত অফিসগুলোতে বায়োমেট্রিক প্রদানকৃত ভোটারের স্থানীয় তদন্ত কার্যক্রম সংশ্লিষ্ট সকল উপজেলা-থানা নির্বাচন অফিস কর্তৃক সম্পন্ন করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণে প্রবাসী ভোটারের অসংখ্য আবেদন তদন্ত পেন্ডিং রয়েছে। এগুলো দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন। 

প্রবাসী বাংলাদেশী ভোটারের যে সকল আবেদনসমূহের স্থানীয় তদন্ত পেন্ডিং রয়েছে, সেগুলো দ্রুত নিষ্পত্তি করার। জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরি বলেও এতে উল্লেখ করা হয়েছে।  

ইসি কর্মকর্তারা জানান, নির্বাচন কমিশন ৪০টি দেশে কার্যক্রমটি সম্প্রসারণ করার পরিকল্পনা নিয়েছিল যার মধ‌্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতিক্রমে ১১ টি দেশে (সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা,জাপান ও যুক্তরাষ্ট্র) ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। অবশিষ্ট ২৯ টি দেশে (ওমান, বাহরাইন, লেবানন, জর্ডান, লিবিয়া, সুদান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, হংকং, মিশর, রুনাই, মৌরিশাস, ইরাক, গ্রীস, স্পেন, জার্মানী, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, নেদারল্যান্ড, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ব্রাজিল, চীন, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নিউজিল্যান্ড, রাশিয়া, তুরস্ক, সাইপ্রাস) অগ্রাধিকারভিত্তিতে এসব দেশে এই কার্যক্রম শুরু করা হবে।