কমপক্ষে ২৫ বছর পর কোনও ব্যক্তি বিশেষ কোনও ক্ষেত্রে বিশেষ অবদান রাখলে তাকে দ্বিতীয়বার স্বাধীনতা পুরস্কার দেওয়া যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলি সংশোধন করে এই নিয়ম করা হয়।
রবিবার (৮ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিবকে পাঠানো এক চিঠিতে এ সংশোধনীর কথা জানানো হয়েছে।
স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলির অনুচ্ছেদ ৭.১১ সংশোধন করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান এ পুরস্কার পাওয়ার পর অন্য কোনও ক্ষেত্রে বিশেষ অবদান রাখলে ন্যূনতম ২৫ বছর পর ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পুনরায় স্বাধীনতা পুরস্কার দেওয়া যাবে।
চিঠিতে বলা হয়, স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলির অনুচ্ছেদ ৭.১১ সংশোধন করা হলো। স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পুনরায় স্বাধীনতা পুরস্কার বা অন্য কোনও জাতীয় পর্যায়ের পুরস্কার দেওয়ার জন্য বিবেচনা করা হবে না। তবে শর্ত থাকে, কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান এ পুরস্কার পাওয়ার পর অন্য কোনও ক্ষেত্রে বিশেষ অবদান রাখলে ন্যূনতম ২৫ বছর পর ওই তাকে পুনরায় স্বাধীনতা পুরস্কার দেওয়া যাবে।
আগের স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলির অনুচ্ছেদ ৭.১১ তে বলা হয়েছিল, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পুনরায় স্বাধীনতা পুরস্কার বা অন্য কোনও জাতীয় পর্যায়ের পুরস্কার দেওয়ার জন্য বিবেচনা করা হবে না।
উল্লেখ্য, ২০২৬ সালে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকায় মরণোত্তর পুরস্কারের জন্য ড. জাফরুল্লাহ চৌধুরীর নাম আসায় দ্বিতীয়বার পুরস্কার পাওয়ার বিষয়টি আলোচনায় আসে। তিনি এর আগে ১৯৭৭ সালে স্বাধীনতা পুরস্কার পান। এটি নিয়ে প্রশ্ন ওঠে। ২০২৬ সালে তিনিসহ ১৫ ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে এই সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেওয়া হচ্ছে।