কুয়েত প্রবাসীরা যেভাবে দেশে ফিরতে পারবেন 

উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে সাময়িকভাবে তার আকাশসীমা বন্ধ রেখেছে কুয়েত সরকার। এর ফলে কুয়েতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সরাসরি দেশে ফেরা আপাতত সম্ভব হচ্ছে না।

এ পরিস্থিতিতে, কুয়েতে বসবাসরত যেসব বাংলাদেশি নাগরিক বিশেষ প্রয়োজনে দেশে ভ্রমণ করতে ইচ্ছুক, তারা স্থলপথে সৌদি আরব প্রবেশ করে ফ্লাইটযোগে বাংলাদেশ ভ্রমণ করতে পারবেন। সেক্ষেত্রে সৌদি আরবে প্রবেশের জন্য ভিজিট বা ট্রানজিট ভিসা থাকা আবশ্যক। 

বুধবার (১৮ মার্চ) কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

দূতাবাস জানায়, ট্রানজিট ভিসায় সৌদি আরবে প্রবেশের পর ৪ দিনের মধ্যে ওই দেশ ত্যাগ করতে হবে। সুতরাং, ট্রানজিট ভিসা প্রাপ্তির পর সৌদি আরব হতে বাংলাদেশের ফ্লাইটের টিকেট নিশ্চিত করে সৌদিতে গমন করা আবশ্যক।

সৌদি আরবের ভিজিট বা ট্রানজিট ভিসার জন্য অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের লিংক https://ksavisa.sa

দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাস কুয়েতে অবস্থানরত জরুরি প্রয়োজনে দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের জন্য একটি বিশেষ উদ্যোগ নিয়েছে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জমা দিতে হবে। দূতাবাস সৌদি আরব প্রবেশের অনুমোদন সংগ্রহ করে আবেদনকারীকে জানাবে। 

এরপর আবেদনকারী নিজ ব্যবস্থাপনায় স্থলপথে কুয়েত-সৌদি সীমান্তে গিয়ে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন। সৌদি আরবে প্রবেশের পর ৪ দিনের মধ্যে বাংলাদেশে যাত্রা সম্পন্ন করতে হবে। 

উল্লেখ্য, সৌদি আরবের অনুমোদন পেতে কিছু ক্ষেত্রে বিলম্ব হতে পারে—এজন্য আবেদনকারীদের ধৈর্য ধরে অপেক্ষা করতে বলা হয়েছে।

আবেদন জমা দেওয়ার সময়সূচি, জরুরী প্রয়োজনে ভ্রমণেচ্ছু আবেদনকারীরা আগামী ২১ মার্চ থেকে যে কোন কর্মদিবসে সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত এবং যে কোন ছুটির দিনে সকাল ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত দূতাবাসের নিচতলায় ১৩ নম্বর রুমে আবেদনপত্র জমা দিতে পারবেন।