ঈদের মোনাজাতে যুদ্ধ বন্ধের আহ্বান

পবিত্র ঈদুল ফিতরে জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করেছে প্রায় ৪০ হাজার মানুষ। যেখানে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে ইমাতি করেন ও খুতবা দেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।

শনিবার (২১ মার্চ) সকালে নামাজ শেষে মোনাজাতে তিনি মুসলিম উম্মাহর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ-বিগ্রহ বন্ধের আহ্বান জানান। তিনি আহত ও নিহতদের জন্য দোয়া করেন।

এর আগে শুক্রবার (২০ মার্চ) যুদ্ধবিধ্বস্ত এসব দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়।

শাওয়ালের চাঁদ দেখার ভিত্তিতে বাংলাদেশে একদিন পর ঈদ উদযাপন হয় শনিবার।

নামাজ শেষ মুফতি মোহাম্মদ আবদুল মালেক সারা বিশ্বে ফিতনা-ফ্যাসাদ বন্ধের জন্য দোয়া করেন। তিনি মুসলমানদের ঐক্য কামনা করেন। তখন আমিন-আমিন ধ্বনি দেন মুসল্লিরা।

মোনাজাতে মুফতি আবদুল মালেক বলেন, হে আল্লাহ, বিশ্বের ফিতনা-ফ্যাসাদ থেকে মানুষকে হেফাজত করেন। যুদ্ধবিগ্রহ থেকে মানুষকে নিরাপত্তা দেন। তিনি অসহায় মুসলমানদের পাশে দাঁড়াতে সব মুসলিম দেশের প্রতি আহ্বান জানান।

মুফতি আবদুল মালেক বলেন, হে আল্লাহ মজলুমদের জুলুম থেকে আমাদের হেফাজত করেন। জালিমদের শাস্তি দেন। আপনি মজলুমদের সবচেয়ে উত্তম অভিভাবক। মানুষের মধ্যে আপনি তাদের জন্য অভিভাবক তৈরি করে দেন, প্রতিনিধি তৈরি করে দেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মুসলিম দেশ ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের সূচনা হয়। পাল্টাপাল্টি হামলায় এখন আক্রান্ত হচ্ছে ওই অঞ্চলের প্রায় প্রতিটি দেশ। এই দেশগুলোর সবই মুসলিমপ্রধান।

নামাজের আগে আলোচনায় মুফতি মোহাম্মদ আবদুল মালেক রমজান থেকে শিক্ষা নিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে সংযমের পরিচয় দেওয়ার আহ্বান জানান।