পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে পুনরায় খুলছে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস। ঈদের আমেজ কাটিয়ে প্রথম কার্যদিবসেই সচিবালয়ে নিজের দফতরে কর্মব্যস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে তার আজকের দিনের বিভিন্ন কর্মসূচির তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, দিনের শুরুতেই সকাল ১০টায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সকাল ১১টায় রাজধানী ঢাকার দীর্ঘদিনের সমস্যা ‘যানজট’ নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে একটি বিশেষ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর দেড়টায় বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ে গঠিত কমিটির কাজের সর্বশেষ অগ্রগতি নিয়ে সভায় উপস্থিত থাকবেন তিনি। দুপুর আড়াইটায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে পর্যালোচনার পর বিকাল ৩টায় ১ নম্বর ভবনের ২০১ নম্বর কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।