আইএলও সভায় যোগ দিতে জেনেভায় শ্রমমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা 

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর ৩৫৬তম গভর্নিং বডি সভায় অংশগ্রহণের উদ্দেশে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আজ (বৃহস্পতিবার, ২৭ মার্চ) ঢাকা ত্যাগ করেছেন। একই সভায় যোগ দিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনেরও আজ জেনেভায় পৌঁছানোর কথা রয়েছে।

সকালে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মন্ত্রী ঢাকা ছাড়েন। ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে তার জেনেভায় পৌঁছানোর নির্ধারিত সময় রয়েছে।

বাংলাদেশের প্রতিনিধিদলের অন্যান্য সদস্য এরই মধ্যে জেনেভায় পৌঁছে সভায় অংশগ্রহণ শুরু করেছেন। প্রতিনিধিদলে রয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, অতিরিক্ত সচিব ফাহমিদা আখতার, যুগ্ম সচিব মো. আবদুছ সামাদ আল আজাদ এবং উপসচিব ইসরাত জাহান কেয়া।

সফরসূচি অনুযায়ী, মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা আইএলওর মূল অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের শ্রমমন্ত্রী এবং সংস্থাটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।

সভায় বাংলাদেশের শ্রম খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক শ্রম মানদণ্ড বাস্তবায়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হবে।