‘দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে গ্রামাঞ্চলের যোগাযোগ উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে’

দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে আগামী দিনে গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (২৯ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আখতার হোসেন গ্রামবাংলার প্রায় সব সংসদ সদস্যের মনের কথাই তুলে ধরেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বিগত সরকারের আমলে উন্নয়নের নামে মেগা প্রকল্পগুলোতে ব্যাপক দুর্নীতি হয়েছে, যা বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ধীরে ধীরে উপলব্ধি করছে।

তিনি আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে অন্তর্বর্তী সরকারের সময়ও দায়িত্বপ্রাপ্ত কিছু উপদেষ্টা নিজ এলাকায় বরাদ্দকৃত তহবিল সরিয়ে নিয়েছেন। ফলে বিশেষ করে উত্তরাঞ্চলের রাস্তা-ঘাট অবহেলিত অবস্থায় পড়ে আছে।

মন্ত্রী বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। গ্রামাঞ্চলের রাস্তা-ঘাট ও সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে।