সালাহ উদ্দিন আহমদ সংসদে এসেছেন ৯১ সালে, আমার জন্ম ৯৮ সালে: হাসনাত

জাতীয় সংসদের অধিবেশনে সালাহ উদ্দিন আহমদকে যথাযথভাবে ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ বলে সম্বোধন না করায় সমালোচনার মুখে পড়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে এক সম্পূরক প্রশ্ন করার সময় হাসনাত আবদুল্লাহ বলেন, ‘‘সালাহ উদ্দিন সাহেবকে প্রশ্ন করলে তিনি প্রায়ই নোটিশ দেওয়ার প্রসঙ্গ তোলেন, যা নিয়ে আমরা কিছুটা সংকোচে থাকি।’’

শুরুতেই তার এমন বক্তব্যে সংসদে আপত্তি ওঠে এবং তিনি সমালোচনার মুখে পড়েন। পরে স্পিকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ সময় হাসনাত বলেন, “আমি সংসদে এসেছি সাড়ে ২৭ বছর বয়সে। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এসেছেন ১৯৯১ সালে, আর আমার জন্ম ১৯৯৮ সালে। সে জায়গায় যদি কোনো প্রচলিত (কনভেনশনাল) ভুল হয়ে থাকে, আমরা তা সংশোধন করতে প্রস্তুত। যখনই নোটিশ দেওয়া হবে, আমরা তা ঠিক করে নেব।”

হাসনাতের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ হাসিমুখে বলেন, এটি সংসদীয় সংস্কৃতির অংশ। বয়স যাই হোক, সংসদ সদস্য হিসেবে যথাযথভাবে সম্বোধন করা প্রয়োজন। 

তিনি আরও বলেন, কম বয়সে সংসদে আসা সৌভাগ্যের বিষয় এবং সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

মন্ত্রী আরও উল্লেখ করেন, ‘‘আমরা যে সময় এমপি হয়েছি তার চাইতেও আরও আট-দশ বছর পরে জন্ম নেওয়া প্রজন্ম বেশি সৌভাগ্যবান। কারণ তার আগে সামরিক শাসনের সময় ছিল।’’