বিআইডব্লিউটিসিকে লাভজনক প্রতিষ্ঠানে উন্নীত করার নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর বাংলামোটরে অবস্থিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) প্রধান কার্যালয় পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।
এ সময় মন্ত্রী কোনও অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না জানিয়ে কর্মকর্তা-কর্মচারীদের শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা মেনে চলার পাশাপাশি দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন।
মতবিনিময় সভায় নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বিআইডব্লিউটিসি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। তাই সেবার মান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিআইডব্লিউটিসিকে আরও কার্যকর ও গতিশীল হতে হবে। তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় থাকা অসংগতি দূর করার ওপর জোর দেন এবং ফেরি ব্যবস্থাপনাকে আধুনিক ও উন্নত করার নির্দেশনা দেন।
এ ছাড়াও তিনি উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান করার পাশাপাশি উপকূলীয় ও প্রান্তিক অঞ্চলে সেবা সম্প্রসারণের কথাও উল্লেখ করেন। সেই সঙ্গে ফেরীতে যাত্রী পারাপারের সময় সেবার মান উন্নয়নের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন তিনি।
মন্ত্রী ও প্রতিমন্ত্রী উভয়েই বিআইডব্লিউটিসিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে লাভজনক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানের আয় বৃদ্ধির মাধ্যমে একে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন তিনি। একইসঙ্গে ফেরিঘাটের সংযোগ সড়কের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।