প্রতিদিন গড়ে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট। বিদ্যুতের চাহিদার ওপর ভিত্তি করে প্রতিদিন গড়ে ১৪ হাজার ৫০০ থেকে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য রেজা আহাম্মদের এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ সব কথা জানান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সপ্তম দিনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

মন্ত্রী বলেন, বর্তমানে সারা দেশে (ক্যাপটিভ, আমদানি, নবায়নযোগ্য জ্বালানি ও নেটমিটারিংসহ) সর্বমোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট। এর মধ্যে গ্রিডভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট। বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদার ওপর ভিত্তি করে প্রতিদিন গড়ে ১৪ হাজার ৫০০ থেকে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। বিদ্যুতের চাহিদা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার উল্লেখিত কার্যক্রম গ্রহণ করছে। এগুলো হলো— বিদ্যুৎ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার খাত হিসেবে গ্রহণ; বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি বহুমুখীকরণ; বিদ্যমান বিদ্যুৎ উৎপাদনে প্রাথমিক জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ; সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন; বিদ্যুৎ উৎপাদনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন; বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে সমন্বয় রেখে সঞ্চালন ও বিতরণ অবকাঠামো নির্মাণ/উন্নয়ন; জ্বালানি সাশ্রয়ে গ্রাহক সচেতনতা বৃদ্ধি করতে (লিফলেট, ভিডিও) প্রচারণা; হলি-ডে স্ট্যাগারিং এবং ডিমান্ড সাইড ও সাপ্লাই সাইড ম্যানেজমেন্ট ইত্যাদি। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব প্রদান; বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বিদ্যুৎ খাতে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিতকরণ; নিবিড় তদারকির মাধ্যমে বিদ্যুৎ প্রকল্পগুলো যথাসময়ে বাস্তবায়ন; প্রকল্প বাস্তবায়নের সমস্যা দ্রুত চিহ্নিত করে তার সমাধান করা।

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন

বিদ্যুত বিতরণ আধুনিকায়নের বিষয়ে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদীন ফারুকের লিখিত প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বর্তমানে সারা দেশে মোট বিদ্যুৎ বিতরণকারী সংস্থা/কোম্পানিগুলোর আওতাধীন এলাকায় মোট ১ হাজার ৮৩৪টি বিদ্যুৎ উপকেন্দ্র রয়েছে। এর মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বাবিউবো) ১৮৭টি, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) ১৩৬টি, ডেসকোর ৬০টি, ডিপিসির ৯৯টি, ওজোপাডিয়াকো’র ৯৭টি এবং নেসকোর ৮৫টি।

বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নের জন্য সরকার ১৮০ দিনের কর্মপরিকল্পনায় গুরুত্ব দিয়েছে।

বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে নতুন লাইন নির্মাণ, পুরাতন জরাজীর্ণ লাইন/উপকেন্দ্র আপগ্রেডেশন, আন্ডারগ্রাউন্ড বিতরণ লাইন ও সাবস্টেশন স্থাপন, এসসিএডিএ, জিআইএস, স্মার্টগ্রিড বাস্তবায়ন করা হচ্ছে।

বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর স্থাপিত দেশব্যাপী বিস্তৃত অপটিক্যাল ফাইবার ব্যবহার করে দেশের অন্যতম বৃহত্তম অত্যাধুনিক ডিজিটাল কমিউনিকেশন নেটওয়ার্ক তৈরি করা হয়েছে; যা সব বিদ্যুৎ স্থাপনাকে এনএলডিসির এসসিএডিএ সিসটেমে সংযুক্ত করেছে। দেশের সার্বিক বিদ্যুৎ ব্যবস্থা সুষ্ঠু, সাশ্রয়ী ও নিরাপদভাবে পরিচালনায় যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিদ্যুৎ খাতে বিভিন্ন রকমের দুর্ঘটনা রোধ ও কর্মক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের আওতাধীন সংস্থা/কোম্পানিগুলোর জন্য অনুসরণীয় অভিন্ন স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম (এসওপি) প্রণয়ন করা হয়েছে।

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার ক্ষমতা বৃদ্ধি

সারা দেশে মোট ছয়টি বিদ্যুৎ বিতরণকারী সংস্থা/কোম্পানির আওতায় ১৩৯টি নতুন উপকেন্দ্র নির্মাণের কার্যক্রম চলমান।

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার ক্ষমতাবর্ধনের জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় পাঁচটি চলমান প্রকল্প রয়েছে এবং তিনটি প্রকল্পের অনুমোদন প্রক্রিয়াধীন। চলমান পাঁচটি প্রকল্পের মাধ্যমে ১২৮টি নতুন উপকেন্দ্র নির্মাণ ও ৭৬টি বিদ্যমান উপকেন্দ্র আপগ্রেডেশন করে সক্ষমতা (নতুন:১ হাজার ৭৩০ এমভিএ+আপগ্রেডেশন:৮১৩ এমভিএ)=২ হাজার ৫৪৩ এমভিএ বৃদ্ধি করা হবে। এছাড়াও অনুমোদন প্রক্রিয়াধীন তিনটি প্রকল্পের মাধ্যমে ২২৬টি নতুন উপকেন্দ্র নির্মাণ করে সক্ষমতা ৩ হাজার ৭১২ এমভিএ বৃদ্ধি করা হবে। অর্থাৎ ২০৩১ সালের মধ্যে সক্ষমতা আরও (২,৫৪৩+৩,৭১২)=৬,২৫৫ এমভিএ বৃদ্ধি করা হবে।

বাবিউবো’র আওতাধীন ময়মনসিংহ ও কুমিল্লা জোনের আওতাধীন নতুন দুটি প্রকল্পের কার্যক্রম শুরু করা হয়েছে।

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ওজোপাডিকো কর্তৃক বর্তমানে চারটি চলমান প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে এবং পাশাপাশি আরও চারটি নতুন প্রকল্প গ্রহণ প্রক্রিয়াধীন।

এছাড়া নেসকো এলাকায় তিনটি প্রকল্পের কাজ চলমান রয়েছে এবং একটি প্রকল্প পরিকল্পনাধীন।