প্রকল্প পর্যালোচনা কমিটির প্রধান রাশেদ আল তিতুমীর

এখন থেকে যেকোনও প্রকল্প অনুমোদনের জন্য একনেকে উপস্থাপন করা যাবে না। এসব প্রকল্প পর্যালোচনা করতে হবে। এ জন্য গঠন করা হয়েছে পর্যবেক্ষণ কমিটি। সোমবার (৬ এপ্রিল) একনেক বৈঠকে চলমান প্রকল্পগুলো পর্যালোচনার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে এই কমিটি গঠন করা হয়। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরকে কমিটির প্রধান করা হয়েছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে বেশিরভাগ প্রকল্পই অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে। কিন্তু এখন আর এই সুযোগ নাই। বিশ্লেষণের পর অনেক প্রকল্প বাদ যাবে। বিগত দিনের প্রকল্পগুলোর ‘ক্লিনিং প্রসেস’ শেষ করে আগামী দিনে নতুন প্রকল্প আনা হবে।

তিনি জানান, দলের নির্বাচনি ইশতেহার ধারণ করে যত তাড়াতাড়ি সম্ভব নতুন প্রকল্পের মাধ্যমে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি যেন পূরণ করা যায়, সেভাবে এগোচ্ছে সরকার। নতুন প্রকল্প অনুমোদনের আগে নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, তা বিবেচনা করা হবে বলেও জানান অর্থমন্ত্রী।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, আগের সরকারের সময়ে নেওয়া ১ হাজার ৩০০টির মতো উন্নয়ন ও অবকাঠামো প্রকল্প রয়েছে। এগুলোর অনিয়ম ও যৌক্তিকতা খতিয়ে দেখা হবে। এ জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে কমিটি করা হয়েছে।