ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তার নির্বাচনি এলাকা ঢাকা-১৭ আসনের পাঁচটি মন্দিরে ১ কোটি ৩০ লাখ টাকা করে মোট ৬ কোটি ৫০ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে।

এই পাঁচটি মন্দির হলো- মহাখালী বিটিসিএল সার্বজনীন দূর্গা মন্দির, শ্রী শ্রী শিবকালী মন্দির, শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির এবং আইডি হাসপাতাল মন্দির।

 সোমবার (৬ এপ্রিল) মহাখালীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর পক্ষে তার সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি আনুষ্ঠানিকভাবে এই আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন– ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত ও প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ ঢাকা মহানগর বিএনপি ও থানা কমিটির নেতারা।

আব্দুর রহমান সানি জানান, ঢাকা-১৭ আসনে এসব উদ্যোগের পাশাপাশি এলাকার উন্নয়নে আরও বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।

এরই অংশ হিসেবে সাততলা বস্তি রোড উন্নয়ন, বিআরপির অভ্যন্তরের রাস্তা ও খেলার মাঠ উন্নয়ন, গুলশান-১ ও ২ নাম্বারের লেক পরিষ্কার ও সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করা হবে।

অনুষ্ঠানে ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, দেশের সব ধর্মাবলম্বীদের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নানামুখী কর্মসূচি গ্রহণ করেছেন। তার এই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা জেলা পরিষদ ইতোমধ্যে কাজ শুরু করেছে।