বাস ভাড়াও কমবে: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদেরজ্বালানি তেলের দাম কমলে বাস ভাড়াও কমবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘সরকার জ্বালানি তেলের দাম কমালে পরিবহন ভাড়াও কমবে। তেলের দাম যত টাকা কমবে, তত পয়সা করে পরিবহন ভাড়াও কমবে। অর্থাৎ জ্বালানির দাম এক টাকা কমলে পরিবহনে যাত্রী ভাড়া কমবে প্রতি কিলোমিটারে এক পয়সা।’
বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে তিনি তেজগাঁওয়ে অবস্থিত বিআরটিএ সদর দফতরে মিরপুর, ইকুরিয়া ও উত্তরা সার্কেলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় বিআরটিএর চেয়ারম্যান নজরুল ইসলাম সংস্থার উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরেন।
মন্ত্রী বলেন, ‘ডিজিটাল নম্বর প্লেট সংযোজনের সর্বশেষ সময় ৩১ মার্চ শেষ হয়েছে। এ সময়ে ১২ লাখ ২০ হাজার ৫১০ সেট নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ তৈরি, ৮ লাখ ৪০ হাজার ১৫৩ সেট সংযোজন করা হয়েছে। এখনও অনেক গাড়ি বাকি রয়ে গেছে।’ এ কারণে নম্বর প্লেট লাগানোর সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, ‘প্রস্তাবিত সড়ক পরিবহন আইনের খসড়ায় পরিবারপ্রতি গাড়ির সংখ্যা নির্ধারণ সংক্রান্ত একটি ধারা সংযোজন করা হবে।’

তিনি বলেন, ‘সিএনজি চালিত প্রাইভেট অটোরিকশা কিছুতেই বাণিজ্যিকভাবে চলতে পারবে না। বিআরটিএ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’ ঢাকা মহানগরী, জেলা ও পাশের জেলাগুলোতে ব্যাটারিচালিত রিকশা ও অযান্ত্রিক যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেন তিনি।

দায়িত্ব পালনে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিআরটিএর অফিসগুলোতে দালালের দৌরাত্ম্য যাতে কমে সে জন্য কোনও কর্মকর্তা ও কর্মচারী একই জায়গায় তিন বছরের বেশি থাকতে পারবেন না। বিআরটিএ চেয়ারম্যান এদিকে নজর রাখবেন।’

সভায় জানানো হয়, চলতি অর্থবছরের নয় মাসে প্রায় সাড়ে ১২শ’ কোটি টাকা মোটরযান ফি আদায় হয়েছে। গত বছর আদায় হয়েছিল ১ হাজার ৬০ কোটি টাকা। এ বছর মার্চ পর্যন্ত প্রায় চার লাখ রেজিস্ট্রেশন সার্টিফিকেট তৈরি করা হয়েছে। এর মধ্যে বিতরণ হয়েছে প্রায় ২ লাখ ৩ হাজার। ২০১১ সালের অক্টোবর থেকে এ বছর ৬ এপ্রিল পর্যন্ত ১১ লাখ ১৩ হাজার স্মার্ট কার্ড লাইসেন্স দেওয়া হয়েছে। ঢাকা মহানগরীতে বর্তমানে ৪০০টি ট্যাক্সিক্যাব চালু আছে।

ওএফ/এজে/