পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক। বুধবার (১৫ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে যুক্তরাজ্যের হাইকমিশনার নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। তিনি সংগঠিত আন্তর্জাতিক অপরাধ, অনিয়মিত মাইগ্রেশন, মানবপাচার, মানি লন্ডারিং, ভিসা জালিয়াতি এবং ভুয়া দলিলাদি যাচাই সংক্রান্তে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়ায় আগ্রহ প্রকাশ করেন। এছাড়া তিনি বাংলাদেশ পুলিশের সংস্কারে অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহ প্রকাশ করেন।
আইজিপি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের আগ্রহকে স্বাগত জানান। তিনি বাংলাদেশ পুলিশের সংস্কারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিষয়ে হাইকমিশনারকে জানান। পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান।