বোরো সংগ্রহ অভিযান শুরু ৩ মে, লক্ষ্যমাত্রা ১৮ লাখ টন ধান-চাল

আগামী ৩ মে থেকে চলতি মৌসুমে বোরো সংগ্রহ অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সব মিলিয়ে এ বছর ১৮ লাখ টন ধান-চাল ও ৫০ হাজার টন গম সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোরো ধানপ্রতি কেজি ৩৬ টাকা দরে, সেদ্ধ বোরো চাল ৪৯ টাকা, আতব চাল ৪৮ টাকা এবং গম কেনা হবে ৩৬ টাকা দরে। গত বছরও একই দামে বোরো ধান ও-চাল সংগ্রহ করেছিল সরকার।
  
বুধবার (২২ এপ্রিল) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভাশেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

এবার এফপিএমসি সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন। সভা পরবর্তী সংবাদ সম্মেলনও হয় তথ্য অধিদফতরের সভা কক্ষে। এ সময় খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত বোরো ধান ও গম সংগ্রহ করা হবে। ১৫ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত চাল সংগ্রহ অভিযান চলবে। বোরো মৌসুমে পাঁচ লাখ টন ধান, ১২ লাখ টন সেদ্ধ চাল ও এক লাখ টন আতব চাল কেনা হবে। পাশাপাশি এবার ৫০ হাজার টন গম কেনা হবে।”

তিনি বলেন, “দেশে এখন পর্যাপ্ত চালের মজুত রয়েছে। এখন সরকারি গুদামে ১৭ থেকে ১৮ লাখ টন চাল মজুত আছে।”