শামসুল আলম নামে আরও এক হজযাত্রীর মৃত্যু 

শামসুল আলম (৬৩) নামে আরও এক হজযাত্রী মারা গেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সৌদি আরবের স্থানীয় সময় রাত ৮টায় মারা যান তিনি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীকের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

তিনি রংপুর জেলার কোতোয়ালি মেট্রো থানার ভোগিবালাপাডার বাসিন্দা। তার পিতার নাম আজিজুল ইসলাম ও মাতার নাম শামসুন নাহার। তিনি সরকারি মাধ্যমে হজ পালনের জন্য সৌদি আরব যান। 

বাংলাদেশ হজ অফিস মদিনা আল মুনাওয়ারা সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল শারীরিক দুর্বলতা ও অসুস্থতা নিয়ে বাংলাদেশ হজ অফিস মেডিক্যাল সেন্টারে আসেন শামসুল আলম। সেখানে প্রাথমিক চিকিংসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানীয় মালিক ফাহাদ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বুধবার ফজর নামাজ শেষে মদিনার জান্নাত-আল বাকীতে তাকে সমাহিত করা হয়। 

এ নিয়ে গতকাল বুধবার পর্যন্ত মোট সাতজন বাংলাদেশী হজযাত্রী মৃত্যুবরণ করলেন।