তনুর জন্য সংসদমুখী পদযাত্রা করবে গণজাগরণ মঞ্চ

তনু হত্যাকাণ্ডকুমিল্লার কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচার ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে সংসদ ভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চ। শুক্রবার বিকেলে শাহবাগে এক প্রতিবাদ সমাবেশ থেকে এই ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচির ঘোষণা দেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
সমাবেশে ইমরান বলেন, আগামী ৫ মে ‘জাস্টিস ফর তনু’ শিরোনামে বাংলাদেশ জাতীয় সংসদ ভবন অভিমুখে ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচি ঘোষণা করছি। সকাল ১১টায় শাহবাগ থেকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সবাইকে নিয়ে জাতীয় সংসদ অভিমুখে এই পদযাত্রা শুরু হবে। তনু হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান মঞ্চের এই মুখপাত্র।
পদযাত্রা শেষে গণজাগরণ মঞ্চের একটি স্মারকলিপি স্পিকারের কাছে দেওয়া হবে জানিয়ে ইমরান বলেন, গত এক দেড় বছরে ব্লগার থেকে শুরু করে পীর-পুরোহিত যাদের হত্যা করা হয়েছে, কোনেওে ঘটনারই বিচার হয়নি। উল্টো সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। এই ধামাচাপা দেওয়ার যে অপসংস্কৃতি শুরু হয়েছে, তা বিচারহীনতায় গিয়ে শেষ হচ্ছে।
প্রসঙ্গত, তনু হত্যার প্রতিবাদে গত ২৭ মার্চ ঢাকা থেকে রোড মার্চ করে কুমিল্লা গিয়েছিলেন গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা।
এমও/এজে/