জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের কার্য-অধিবেশনে জ্বালানি খাত ও বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এতে বিদ্যুৎ সরবরাহ সম্প্রসারণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং জ্বালানি ব্যবস্থাপনা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বিদ্যুৎ সংক্রান্ত আলোচনা
সভায় রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎবিহীন প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার বিষয়টি আলোচিত হয়েছে। একইসঙ্গে জেলা পর্যায়ের সব সরকারি ও বেসরকারি অফিস ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েও আলোচনা হয়।
এছাড়া সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। নোয়াখালী জেলার হাতিয়ায় বিদ্যুৎ উৎপাদন ৫ মেগাওয়াট থেকে ৭ মেগাওয়াটে উন্নীত করার বিষয়েও আলোচনা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক আলোচনা
সভায় জয়পুরহাট ও নাটোর জেলায় জ্বালানি গ্যাস সংযোগ সম্প্রসারণের বিষয়টি উত্থাপিত হয়। পাশাপাশি পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা ২০(১) সংশোধনের বিষয়েও আলোচনা করা হয়।
এছাড়া জ্বালানি তেলের অবৈধ মজুদ রোধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ফিলিং স্টেশনগুলোতে তেল ওজনে কম দেওয়া ও ভেজাল প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে সিদ্ধান্তমূলক আলোচনা হয়েছে।