নাজিম হত্যা: বুধবার উপাচার্যের ভবন ঘেরাও করবেন শিক্ষার্থীরা

নাজিমুদ্দিন সামাদের হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে আগামী বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন ঘেরাও করবেন সাধারণ শিক্ষার্থীরা। রবিবার বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ছাত্র ধর্মঘট শেষে এক সংবাদ সম্মেলনে নতুন এ কর্মসূচির ঘোষণা আসে।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থী মেহেরাব আজাদ বলেন, ‘গত বুধবার নাজিমুদ্দিনকে পুরান ঢাকার মতো জনাকীর্ণ স্থানে ৫ জন সন্ত্রাসী এসে হত্যা করে নিরাপদে চলে গেল। কিন্তু আজও তাদের কাউকে গ্রেফতার করতে পারেনি। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদেরই ভাই হত্যার দাবিতে আন্দোলন করছি অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনও সমর্থন পাচ্ছি না। অথচ অধিকাংশ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়েছেন। সাধারণ শিক্ষার্থীরা ধর্মঘটের সমর্থন জানিয়ে বিভিন্ন ভবনে তালা দিলেও প্রশাসন তা ভেঙে দিয়েছে।’

কর্মসূচির ঘোষাণা দিয়ে মেহেরাব আজাদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন বাঁধা ও নীরব ভূমিকার কারণে আমরা আগামী বুধবার উপাচার্য ভবন ঘেরাও কর্মসূচি পালন করবো।’  

এর আগে সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালন করেন শিক্ষার্থীরা। 

/আরএআর/এসটি/