রাজধানীতে বর্জ্য অপসারণ কার্যক্রম ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

ঈদের দ্বিতীয় দিনে রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম যথাযথভাবে চলছে কি না, তা সরেজমিনে দেখতে মাঠে নেমেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৯ মে) বিকাল ৪টার দিকে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বলে জানিয়েছে প্রেস উইং সূত্র।

প্রেস উইং জানায়, নগরীর বিভিন্ন স্থানে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, তা যাচাই করতেই তিনি এ পরিদর্শনে বের হন।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, তার গাড়ি গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে যাত্রা শুরু করে গুলশান-১, হাতিরঝিল, রামপুরা রোড ও মালিবাগের আবুল হোটেল হয়ে তালতলা মার্কেট ও বাসাবো সড়ক এলাকা প্রদক্ষিণ করে।

পরে তিনি কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ী মোড়, ধোলাইখাল, শহীদ ফারুক সড়ক ও দয়াগঞ্জ হয়ে নারিন্দা এবং রায়সাহেব বাজার এলাকায় যান। এরপর আদালত সড়ক, নওয়াবপুর, বংশাল রোড, গুলিস্তান, শাহবাগ, এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউ মার্কেট এলাকা ঘুরে দেখেন।

সেখান থেকে সায়েন্স ল্যাবরেটরি, কলাবাগান, মিরপুর রোড, সিটি কলেজ, সীমান্ত স্কয়ার, জিগাতলা বাসস্ট্যান্ড ও মানিক মিয়া এভিনিউ হয়ে মহাখালী পর্যন্ত পরিদর্শন কার্যক্রম চালান তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার দুই উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।