‘কঠোর শাস্তির বিধান থাকবে পরিবহন আইনে’

কঠোর শাস্তির বিধান রেখে সংসদের আসন্ন অধিবেশনে সড়ক পরিবহন আইনের খসড়া উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রস্তাবিত ‘সড়ক পরিবহন আইন ২০১৬’ -এর খসড়া বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। কর্মশালায় পরিবহন সংশ্লিষ্টরা অংশ নেন। তাদের মতামতের ভিত্তিতে আইনের খসড়া চূড়ান্ত করা হবে।
ওবায়দুল কাদের বলেন, মন্ত্রী কিংবা মন্ত্রণালয়ের খবরদারি নয়, আইন হতে হবে জনস্বার্থে। যেভাবেই হোক আমাদের সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সড়ক দুর্ঘটনা সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে হবে। একটি যুগোপযোগী আইন এবং এর বাস্তবায়ন সড়ক পরিবহনখাতের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
মন্ত্রী বলেন, পরিবহনখাতে শৃঙ্খলা বিধান এবং যানজট কমিয়ে আনা কঠিন চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ উত্তরণে মন্ত্রী সকলের সহযোগিতা কামনা করেন।
কর্মশালায় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বক্তব্য রাখেন। আরও বক্তব্য রাখেন বিআরটি ‘র চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. এন. পারানিয়েথারান, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী এবং বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহেল তালুকদার।

দিনব্যাপী কর্মশালায় খসড়া আইনের ওপর আলোচনা-পর্যালোচনা শেষে বেশ কিছু প্রস্তাব চূড়ান্ত করা হয়।

 

ওএফ/ এপিএইচ/