সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে বলার পরামর্শ স্পিকারের

জাতীয় সংসদে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না হওয়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রবিবার (৭ জুন) সংসদ অধিবেশনে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জেরে স্পিকার এই মন্তব্য করেন। তিনি বলেন, “সংসদে যে প্রতিশ্রুতি দেবেন, সেটা ড্রিলিং বা অন্যান্য আনুষঙ্গিক বিষয় স্টাডি করে তারপর দেবেন।”

এর আগে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য রুমিন ফারহানা মন্ত্রীর দেওয়া একটি প্রতিশ্রুতি তুলে ধরে জানান, আশুগঞ্জ ফার্টিলাইজার কারখানায় পহেলা মের মধ্যে গ্যাস সংযোগ দেওয়ার কথা ছিল। এরপর আরও একমাস চার দিন পার হয়ে গেছে। এখনও তা বাস্তবায়ন হয়নি। কবে নাগাদ গ্যাস সংযোগ পাওয়া যাবে এ প্রশ্ন রাখেন তিনি।

জবাবে মন্ত্রী দেশে গ্যাসের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। বর্তমানে সার কারখানার চেয়ে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘‘উনি বিদ্যুৎ চাচ্ছেন আবার উনার ফার্টিলাইজার ফ্যাক্টরিতেও গ্যাস চাচ্ছেন। গ্যাসের তো একটা সীমাবদ্ধতা আছে। এজন্য আমাদের বিদ্যুৎ প্ল্যান্টগুলো চালিয়ে রাখতে হচ্ছে এবং সেই কারণে তার ওখানে আমরা সংযোগ দিতে পারছি না।’’

মন্ত্রী আরও বলেন, ‘‘গত ১৭ বছরে কোনও দিন ড্রিলিং (খনন) করা হয়নি। আমরা এই প্রথম এসে ড্রিলিং শুরু করেছি এবং আশা করি গ্যাস পাবো। গ্যাস পাওয়ার পরে আশুগঞ্জ ফার্টিলাইজারের মতো কারখানায়  সংযোগ দিতে পারবো।’’

তবে স্পিকার পরে মন্ত্রীকে স্মরণ করিয়ে দেন, সংসদে দেওয়া আগের প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। এ সময় তিনি ভবিষ্যতে সংসদে বক্তব্য দেওয়ার আগে বিষয়গুলো ভালোভাবে যাচাই-বাছাই করার পরামর্শ দেন।