সংসদে নোটিশ বিতর্ক, সেলিম ভুঁইয়াকে বিধি পড়তে বললেন স্পিকার

সংসদ সচিবালয় বা এর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে তা সংসদে উত্থাপন না করে সরাসরি স্পিকারের কাছে লিখিতভাবে জানানোর পরামর্শ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। একইসঙ্গে সংসদ সদস্যদের কার্যপ্রণালী বিধি ভালোভাবে পড়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিম হক ভুঁইয়ার এক অভিযোগের জবাবে এসব কথা বলেন স্পিকার।

এর আগে সেলিম হক ভুঁইয়া অভিযোগ করেন, সবার আগে নোটিশ জমা দেওয়ার পরও তার নাম তালিকার এক নম্বরে আসেনি।

জবাবে স্পিকার বলেন, বিষয়টি তিনি নিজে খতিয়ে দেখেছেন। তদন্তে দেখা গেছে, সংশ্লিষ্ট নোটিশটি নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট পর জমা দেওয়া হয়েছিল। ফলে সেটি ওই দিনের তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।

স্পিকার বলেন, আপনি যে নোটিশটি আজ জমা দিয়েছেন, সেটি নির্ধারিত সময় পার হওয়ার এক মিনিট পরে জমা পড়েছে। তাই আজকের তালিকায় আসেনি। তবে আগামীকালের তালিকায় প্রথম দিকে আসার সম্ভাবনা রয়েছে। আপনার অভিযোগটি সঠিক নয়।

তিনি আরও জানান, আজ ৫৬ নম্বরে থাকা নোটিশটি মূলত গত ১১ তারিখে জমা দেওয়া হয়েছিল। কার্যপ্রণালী বিধি অনুযায়ী, নোটিশ নির্ধারিত সময়ের অন্তত দুই ঘণ্টা আগে জমা দিতে হয়।

এরপর স্পিকার কার্যপ্রণালী বিধির ৫৪ ধারার (৩) উপধারা পড়ে শোনান। তিনি বলেন, সংসদ সচিবালয় বা এর কর্মচারীদের আচরণ নিয়ে কোনও প্রশ্ন বা অভিযোগ থাকলে তা ব্যক্তিগত চিঠির মাধ্যমে স্পিকারকে জানাতে হবে।

বিধির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সংসদ সচিবালয় সম্পর্কে যদি কোনও অভিযোগ থাকে, তাহলে তা হাউজে তুলবেন না। সরাসরি আমাকে লিখিতভাবে জানাবেন। প্রথম যে অভিযোগটি করা হয়েছে, সেটি সম্পূর্ণ ভুল এবং এর জন্য সংসদ সচিবালয় মোটেও দায়ী নয়।

স্পিকার আরও বলেন, এ কারণেই আমি বারবার বলি, কার্যপ্রণালী বিধির বইটি দয়া করে সবাই ভালোভাবে পড়ুন।