নির্বাচনি দায়িত্বে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নতুন নীতিমালা

ভোটগ্রহণ ও ভোটার তালিকা প্রণয়নের দায়িত্ব পালনের সময় কোনও কর্মকর্তা-কর্মচারী বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দুর্ঘটনা কিংবা হামলায় নিহত হলে তার পরিবারকে ১০ লাখ টাকা অনুদান দেবে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে আহত ও অসুস্থদের জন্যও বিভিন্ন হারে আর্থিক সহায়তা দেওয়ার বিধান রাখা হয়েছে।

বুধবার (১০ জুন) ইসি কর্মকর্তারা এ তথ্য জানান।

ইসির উপসচিব রাশেদুল ইসলামের সই করা এ সংক্রান্ত নীতিমালায় বলা হয়েছে, ভোট ও ভোটার তালিকা প্রণয়নের দায়িত্বে থাকা কোনও কর্মকর্তা-কর্মচারী দুর্ঘটনা বা হামলায় মারা গেলে তার পরিবারকে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হবে।

এ ছাড়া গুরুতর আহত বা স্থায়ীভাবে অক্ষম হলে ৪ লাখ টাকা, গুরুতর আহত বা অস্থায়ীভাবে অক্ষম হলে ২ লাখ টাকা এবং আহত ব্যক্তিদের সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত অনুদান দেবে ইসি।

নীতিমালায় আরও বলা হয়েছে, দায়িত্ব পালনকালে আকস্মিকভাবে অসুস্থ হয়ে মৃত্যু হলে পরিবারকে ৬ লাখ টাকা দেওয়া হবে। গুরুতর অসুস্থ বা স্থায়ীভাবে অক্ষম ব্যক্তির জন্য ৩ লাখ টাকা এবং সাময়িকভাবে অসুস্থ ব্যক্তির জন্য ৫০ হাজার টাকা অনুদানের ব্যবস্থা রাখা হয়েছে।

হাসপাতালে ভর্তি হয়ে ব্যয়বহুল চিকিৎসা গ্রহণ করলে সর্বোচ্চ তিন লাখ টাকা এবং সাধারণ চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে।

অনুদান পেতে আহত ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত পরিবারকে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে। পরে সংশ্লিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে বিষয়টি কমিশনের কাছে উপস্থাপন করা হবে এবং কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী অনুদান প্রদান করা হবে।

ইসি কর্মকর্তারা জানান, আগে এ বিষয়ে সুস্পষ্ট কোনও নীতিমালা ছিল না। নতুন নীতিমালা প্রণয়নের ফলে অনুদান প্রদানের প্রক্রিয়া এবং উত্তরাধিকারীদের মধ্যে অর্থ বণ্টন নিয়ে বিদ্যমান জটিলতা দূর হবে।