প্রথম বাজেট সামনে রেখে সংসদে ব্যস্ত ও প্রাণবন্ত প্রধানমন্ত্রী

দায়িত্ব গ্রহণের পর প্রথম জাতীয় বাজেটকে সামনে রেখে এক ধরনের ফুরফুরে মেজাজে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেন তিনি। এ সময় সংসদ কক্ষে সরকারদলীয় সদস্যরা টেবিল চাপড়ে তাকে অভিবাদন জানান। অধিবেশন শুরুর আগে হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী মন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় ও হাত মেলান।

বাজেট অধিবেশনে যোগ দেওয়ার আগে সকাল থেকেই ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী। দাফতরিক কাজের পাশাপাশি তিনি বিশেষ মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন। ওই বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব অনুমোদন দেওয়া হয়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এতে মোট ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার বাজেট ঘাটতি থাকবে বলে ধারণা করা হচ্ছে।