শুধু পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদই নয়, আওয়ামী লীগ আমলে পুলিশের যেসব সদস্য বিরোধী দল বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন করেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ফেনী-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু।
বুধবার (১৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের নবম দিন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় তিনি এ দাবি জানান। এ সময় সংসদে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সংসদ সদস্য রফিকুল আলম বলেন, যারা গুম-খুন করেছিল তারা আজ কোথায়? শুধু বেনজীর আহমেদকে গ্রেফতার করলেই আমাদের দুঃখ-কষ্ট শেষ হবে না। আরও যারা গুম-খুনে জড়িত ছিল তাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিগত ফ্যাসিবাদী আমলে আমরা বর্তমানের সরকারি দল ও বিরোধী দলের নেতাকর্মীরা গ্রেফতার ও নির্যাতনের শিকার হয়েছি। আমরা একসঙ্গে জেলখানায়ও ছিলাম। আওয়ামী লীগের যেসব কর্মী পুলিশে ছিল বিশেষ করে ২০১৮ সালে যারা দায়িত্বে হাজার হাজার নেতাকর্মী গুম-খুন করেছিল তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে।