দেশে মাদক-সংক্রান্ত মামলার জট কমাতে আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, শুধু ঢাকাতেই বর্তমানে প্রায় ৮০ হাজার মাদক মামলা বিচারাধীন। প্রচলিত আদালতের পাশাপাশি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা গেলে এসব মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে। একইসঙ্গে তিনি জানান, বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দিয়ে মাদকের বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করা যাচ্ছে না, তাই আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই এ সংক্রান্ত সংশোধনী সংসদে তোলা হবে।
বৃহস্পতিবার (২৫ জুন) আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সচিবালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ৭৩টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে মোট ১ কোটি ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়। এ সময় ঢাকার ১৫টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাউদ্দিন আহমদ বলেন, দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনও না কোনোভাবে মাদক গ্রহণ করে। কিন্তু এই বিপুল সংখ্যক মাদকাসক্তের তুলনায় সরকারি চিকিৎসা ও পুনর্বাসন সুবিধা যথেষ্ট নয়। ফলে মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইন প্রয়োগ নয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সক্ষমতা বাড়ানোও জরুরি। শক্তিশালী আইনি কাঠামো, দ্রুত বিচার এবং চিকিৎসা– পুনর্বাসনব্যবস্থা একসঙ্গে কার্যকর করা গেলে মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।