‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আউটসোর্সিংয়ের কর্মচারীরা ২০ মাস বেতন পান না’ 

খুলনা-৬ এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আউটসোর্সিংয়ের কর্মচারীরা ২০ মাস যাবত বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছে বলে লিখিত প্রশ্নে জানিয়েছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। 

জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োজিত কর্মচারীদের বেতন-ভাতা জুন, ২০২৫ পর্যন্ত পরিশোধিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৫জুন) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের ‍দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৫তম দিনে লিখিত প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। সকাল ১১টায় শুরু হওয়া সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এদিন প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়েছে। 

লিখিত প্রশ্নে তিনি জানতে চান, “আমার নির্বাচনি এলাকা (কয়রা-পাইকগাছা) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আউটসোর্সিং এর কর্মচারীরা ২০ মাস যাবত বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছে। মানবিক দিক বিবেচনা করে তাদের বেতনের ব্যবস্থা করবেন কিনা? করলে, তা কতদিনের মধ্যে বাস্তবায়ন করা হবে; না করলে, তার কারণ কী?” 

জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, “খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োজিত কর্মচারীদের বেতন-ভাতা জুন, ২০২৫ পর্যন্ত পরিশোধিত হয়েছে। বকেয়া থাকার বিষয়টি স্বাস্থ্য অধিদফরের মাধ্যমে যাচাই করা হবে। বকেয়া বেতন প্রদানে কোনও প্রশাসনিক, আর্থিক বা চুক্তিগত জটিলতা থাকলে তা দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ২০২৬ সালের ১১ মে উক্ত পদগুলো প্রশাসনিক অনুমোদনপ্রাপ্ত হয় এবং প্রয়োজনীয় সরকারি আর্থিক বিধি-বিধান অনুসরণ করে বকেয়া বেতন দ্রুত পরিশোধের ব্যবস্থা গ্রহণ করা হবে।” 

এই বিষয়ে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদফতর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সরকার কর্মচারীদের মানবিক বিষয়টি বিবেচনায় নিয়ে সমস্যার দ্রুত সমাধানে আন্তরিকভাবে কাজ করছে।