জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার- বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, আগামী দু-একদিনের মধ্যে মাদক প্রতিরোধ আইন সংশোধনী সংসদে উপস্থাপন করা হবে।

শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আধুনিক যুগে পুরাতন আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, দরকার নতুন আইন। কেবল আইন করে নয়, আইন প্রয়োগের পাশাপাশি প্রতিরোধই সর্বোচ্চ উপায়।

দেশকে উন্নয়নের দিকে নিতে তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নারী, শিশু-কিশোরসহ নানা শ্রেণি-পেশার মানুষ এখন মাদকের সঙ্গে জড়িত। তিনি মাদক নির্মূলে প্রশাসনকে আরও শক্ত অবস্থানে থাকার আহ্বান জানান।

তিনি বলেন, আমলী আদালতের পাশাপাশি প্রয়োজনমতো মাদক মামলার বিষয়ে ট্রাইবুনাল গঠন করা হবে। আইনের পাশাপাশি সামাজিকভাবে সচেতনতা তৈরি করতে হবে না। তাহলে মাদকের বিরুদ্ধে লড়াই সহজ হবে।

মাদকের কারণে অপরাধ প্রবণতা বাড়ছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে ৮২ লাখ মানুষ মাদক গ্রহণ করে, যা মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ। এখানে জিরো টলারেন্স বাস্তবায়নে সরকার কাজ করছে। মাদক কারবারীদের বিরুদ্ধে অধিদপ্তর এখন পর্যন্ত ৯টি মানি লন্ডারিংয়ের মামলা দায়ের করেছে।