নির্বাচন শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের নির্বাচনি ব্যয়ের হিসাব দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টিসহ (এবি পার্টি) সাতটি দল হিসাব জমা দেয়নি। এরই পরিপ্রেক্ষিতে ওই সাত রাজনৈতিক দলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৫ জুন) ইসির উপ-সচিব মো. মনির হোসেন দলগুলোকে এই নোটিশ পাঠান। ওই নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।
নির্বাচনি ব্যয়ের বিবরণী জমা না দেওয়া সাতটি দল হলো– জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ কল্যাণ পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাতীয়তাবাদী গণতন্ত্রাতিক আন্দোলন (এনডিএম) ও আমজনতার দল।
নোটিশে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলগুলো প্রার্থী মনোনয়ন দিয়েছিল। আরপিও’র ৪৪গগগ(১) অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচন শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ব্যয়ের বিবরণী নিরীক্ষার জন্য নির্বাচন কমিশনে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
নোটিশে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ব্যয় বিবরণী জমা না দেওয়ায় গত ১৬ মার্চ চিঠি দিয়ে ১৩ মে’র মধ্যে তা দাখিলের জন্য বলা হয়েছিল। পরে ১৯ মে দেওয়া সতর্কীকরণ নোটিশে ১৩ জুনের মধ্যে ব্যয় বিবরণী জমা দিতে বলা হয়। তবে নির্ধারিত সময় পার হলেও দলগুলো ব্যয়ের হিসাব জমা দেয়নি।
নোটিশে বলা হয়েছে, আরপিও’র ৪৪গগগ (৫) অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত সময়ে ব্যয় বিবরণী জমা দিতে ব্যর্থ হলে কমিশন ১০ হাজার টাকা জরিমানা সাপেক্ষে সময় বাড়াতে পারে।
এরপরও হিসাব জমা না দিলে নিবন্ধন বাতিলের ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। ব্যয় বিবরণী জমা না দেওয়ার বিষয়ে কেন ১০ হাজার টাকা জরিমানাসহ হিসাব দাখিলের নির্দেশ দেওয়া হবে না, তার জবাব অনতিবিলম্বে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর দিতে হবে।
এদিকে নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচন ব্যয়ের হিসাব জমা দিলে দলগুলোর বিরুদ্ধে নির্বাচন কমিশন (ইসি) কী ব্যবস্থা নেবে জানতে চাইলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, কয়েকটি রাজনৈতিক দল কমিশনের কাছে তাদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দেয়নি। এর মধ্যে একটি দল সময় বাড়ানোর আবেদনও করেছে।
ইসি সচিব আরও বলেন, এখন কী করা হবে সেটা কমিশনের সিদ্ধান্ত। সচিবালয় থেকে আমরা আইনগত অবস্থাটা দেখি। কমিশন আইন ও বিধি অনুযায়ী পদক্ষেপ নেবে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবে।