কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী যুবকের মরদেহ আগামীকাল (৩০ জুন) দেশে পৌঁছাবে। স্থানীয় সময় সোমবার রাতে কাতার থেকে একটি বিশেষ ফ্লাইটে মরদেহগুলো বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৭টার দিকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো পৌঁছানোর কথা রয়েছে।
সোমবার (২৯ জুন) কাতারের বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানায়।
নিহতরা হলেন ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নূরের ছেলে জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, আগতালুক গ্রামের সেলিম আহমদের ছেলে মোস্তাক আহমদ, একই গ্রামের মৃত মড়া মিয়ার ছেলে জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী গ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদের আহমদ।
দূতাবাস জানায়, মৃতদের লাশগুলো বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে আজ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে করে কাতারের সময় রাত সোয়া ১০টায় হামাদ ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে রওনা দেবে এবং সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার সকাল পৌনে ৭টায় পৌঁছাবে।